ঢাবির ওই ছাত্রীর পক্ষে লড়বে আইন সমিতি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

ঢাবির ওই ছাত্রীর পক্ষে লড়বে আইন সমিতি

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীর পক্ষে লড়বে বাংলাদেশ আইন সমিতির ২৫ সদস্য। সিনিয়র আইনজীবী আব্দুল্লাহর নেতৃত্বে ২৫ সদস্যের এ আইনজীবী প্যানেল ঘোষণা করেছে আইন সমিতি।

বুধবার (৮ জানুয়ারি) সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৫ জানুয়ারি সংঘটিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দ্রুততম সময়ে ধর্ষককে গ্রেপ্তার করায় বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে আমরা গভীর সন্তোষ প্রকাশ করছি এবং ধর্ষককে দ্রুত গ্রেপ্তারের জন্য র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

একই সাথে ধর্ষিতাকে সকল প্রকার আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে আমরা পঁচিশ সদস্য বিশিষ্ট আইনজীবী প্যানেল ঘোষণা করছি। এই প্যানেলের নেতৃত্ব দিবেন ঢাকা মহানগর পিপি অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।

উক্ত প্যানেলের অন্যান্য সদস্যগণ হলেন—অ্যাডভোকেট আবদুল্লাহ মাহমুদ হাসান, অ্যাডভোকেট মো. নিজামুল হক, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবির বাবুল, অ্যাডভোকেট এ কে এম আলমগীর, অ্যাডভোকেট চৈতন্য চন্দ্র হালদার, অ্যাডভোকেট মো. মঞ্জুরুল আলম, অ্যাডভোকেট মো. সাইফুল মালেক চৌধুরী, অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, অ্যাডভোকেট তাপস কুমার দাস, অ্যাডভোকেট মো. রেজাউল করিম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মনসুর, অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম, অ্যাডভোকেট খাজা গোলামুর রহমান, অ্যাডভোকেট মো. আবু হানিফ, অ্যাডভোকেট মো. মাসুম মিয়া, অ্যাডভোকেট মো. শাহ্ আলম মিছিল, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম শাওন, অ্যাডভোকেট মো. ওমর ফারুক আসিফ, অ্যাডভোকেট সবুজ বাড়ৈ সজীব, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ও অ্যাডভোকেট মো. রহিম মিয়া।