নুরের ওপর হামলার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

নুরের ওপর হামলার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন এলাকায় সংঘটিত ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে ঢাবি কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন এলাকায় এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম।

ঘটনাটি তদন্ত করে ছয় কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুরুল হক নুর। এ সময় আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।