ভারতে ১৪৪ ধারা ভেঙে রাস্তায় লাখো মানুষ, মোদির হুঁশিয়ারি

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

ভারতে ১৪৪ ধারা ভেঙে রাস্তায় লাখো মানুষ, মোদির হুঁশিয়ারি

নাগরিকত্ব আইনের বিরুদ্বে বিক্ষোভ অব্যাহত ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে। ৩ দিনের সহিংসতায় রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ অব্যাহত দিল্লিতেও। রামলীলায় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ, নাগরিকত্ব আইন ঘিরে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বিরোধীরা। মমতার কড়া সমালোচনা করেন তিনি।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অগ্নিগর্ভ উত্তর প্রদেশ। টানা ৩ দিন ধরে এমন সংঘাত পুলিশ-বিক্ষোভকারীদের। প্রাণ গেছে শিশুসহ অনেকের।

লখনৌ বিমানবন্দরে আটক করা হয়েছে উত্তর প্রদেশগামী তৃনমূল কংগ্রেসর প্রতিনিধিদের। মুজফফরনগরে সিলগালা ৬০ টিরও বেশি দোকান। গাজিয়াবাদে আটক করা হয়েছে অর্ধশত মানুষকে। এফআইআর সাড়ে তিনশো জনের বিরুদ্ধে।

উত্তর প্রদেশের সমাজবাদি পার্টি নেতা অখিলেশ যাদব বলেন, ‘বিক্ষোভকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর লাগামছাড়া বক্তব্যের কারণেই বাড়ছে প্রাণহানি। একজন মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারেন না। কারণ শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে যে কারোই।’

১৪৪ ধারা ভেঙে কদিন ধরে বিক্ষোভ অব্যাহত জামিয়া মিলিয়া, জামা মসজিদ, মান্ডি হাউজ, কখনোবা সিলামপুরে। বিক্ষোভ চলছে অন্তত ১৩ টি বড় শহরে।

এ অবস্থায় রোববার, দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রচারণা শুরু করে বিজেপি। এতে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন দেশের কোনও মুসলমানকে তাড়াতে এ আইন নয়।

নরেন্দ্র মোদি বলেন, ‘কংগ্রেস ও শহুরে নক্সালরা গুজব ছড়াচ্ছে, মুসলিমদের নাকী বন্দি ক্যাম্পে পাঠানো হবে। কিছু মানুষ এও বলছে, যে এ আইন দেশের গরিবদের বিরুদ্বে। আমি আশ্বস্ত করছি, এ আইন মুসলিমদের বিরুদ্ধে নয়।’

পশ্চিমবঙ্গের এনআরসি হতে দেয়া হবে না-মমতার এ দাবির বিরুদ্ধেও সতর্কতা উচ্চারণ করেন মোদি। বলেন, ‘সংসদে দাঁড়িয়ে এক সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি দিতেন। আজ পৌছে গেছেন জাতিসংঘে। দিদি আপনার কী হয়েছে, কেন বদলে গেলেন ? বাংলার মানুষকে ভরসা করুন।’

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি দিয়েছে তৃণমূল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট