২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০১৯৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সন্ধ্যায় ইসির বৈঠকে সারাদেশের সবকটি আসনের ভোটকেন্দ্রের তালিকা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে বলে জানা যায়।
ইসির উপসচিব আব্দুল হালিম খান বলেন, চূড়ান্ত তালিকা অনুমোদনের পর নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে। কেননা, নির্বাচনের ২৫দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের আইন বাধ্যবাধকতা রয়েছে।
অবশ্য এর আগেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কমপক্ষে ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের প্রজ্ঞাপন জারি করার আইনি বাধ্যবাধকতা থাকায় ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছিল।
গত আগস্টে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়। বিগত দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার ভোটকক্ষ থাকবে দুই লাখেরও বেশি।
নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর; ভোটকেন্দ্রের নাম ও অবস্থান; ভোটকক্ষের সংখ্যা; ভোটার এলাকা; পুরুষ ও মহিলাসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।
এর আগে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে মঙ্গলবার দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ২৩৪ জন প্রার্থী। এ নিয়ে দুই দিনে সর্বমোট ৩১৮ জন প্রার্থী আপিল করলেন। গতকাল প্রথম দিন ৮৪ জন আপিল করেছিলেন।
এদিকে দ্বিতীয় দিনে আপিলকারীদের মধ্যে রয়েছেন ঢাকায় ৬৮, চট্টগ্রামে ৫৬, খুলনায় ১৮, সিলেটে ১৫, বরিশালে ১২, রাজশাহীতে ২১, রংপুরে ২৮ ও ময়মনসিংহে ১৬ জন।
এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্নি দাখিল না করা, ঋণখেলাপী হওয়া, দণ্ডপ্রাপ্ত হওয়াসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা যায়, রংপুরে ৯১টি, রাজশাহীতে ৯৬, খুলনায় ৯০, বরিশালে ৩৮, ময়মনসিংহে ৬২, ঢাকায় ১৯২টি, সিলেটে ৪৪টি এবং চট্টগ্রামে ১৭৩টি মনোনয়নপত্র বাতিল করে এই সংবিধানিক প্রতিষ্ঠান।
রংপুরে বৈধ মনোনয়নের সংখ্যা ২৬২টি, রাজশাহীতে ২৫৯টি, খুলনায় ২৬১টি, বরিশালে ১৪৫টি, ময়মনসিংহে ১৬৯টি, ঢাকায় ৫৩৯টি, সিলেটে ১৪০টি এবং চট্টগ্রামে ৫০৪টি।
জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে।
গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের করে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। এরপর ৩ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র ফিরে পেতে আপিল শুরু করেন অবৈধ হওয়া প্রার্থীরা।
৫ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। এরপর ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করবে ইসি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোট হবে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটার। ৩০ ডিসেম্বর ভোট হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D