২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
লাহোর: দেশে ফেরার পর পরই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তার মেয়ে মরিয়ম নওয়াজকেও। তাদেরকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় বলে লাহোর পুলিশ নিশ্চিত করেছে।
শুক্রবার ভোরে ইতিহাদ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে বাবা ও মেয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা দেন। রাত পৌনে ৯টার দিকে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হয়তো একটি ছোট্ট বিমান বা হেলিকপ্টারে করে তাদের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে তাদের নেওয়া হবে আদিয়ালা বা অ্যাটক কারাগারে।
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ দুর্নীতির অভিযোগে গত বছর ক্ষমতাচ্যুত হন। অবৈধ সম্পদ রাখার দায়ে গত ৬ জুলাই আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় নওয়াজ লন্ডনে সন্তানদের সঙ্গে ছিলেন। তার অনুপস্থিতিতেই সাজার রায় দেওয়া হয়।
ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নওয়াজকে বহনকারী বিমানটি লাহোর বিমানবন্দরে অবতরণ করার পর পরই ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) তিনজন কর্মকর্তা ওই বিমানে উঠেন। তারা অন্যসব যাত্রীদের নেমে যেতে বলেন। পরে কর্মকর্তারা নওয়াজ ও তার মেয়ের পাসপোর্ট জব্দ করেন।
এ সময় লাহোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নওয়াজের মা বেগম শামীম আখতার অপেক্ষা করছিলেন ছেলের জন্য। এফআইএ কর্মকর্তারা উভয়কেই তার সঙ্গে সাক্ষাত করার অনুমতি দেন। সাক্ষাতের পরই নওয়াজ ও তার মেয়েকে হেফাজতে নেওয়া হয়।
নওয়াজ শরিফের মেয়ে মরিয়মকেই তার রাজনৈতিক উত্তরসুরী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মরিয়ম তার টুইটার অ্যাকাউন্টে লন্ডন ছেড়ে যাওয়ার আগের মুহূর্তের ছবি দিয়েছেন। একটি ছবিতে দেখা যায়, বাবা ও মেয়ে বিদায় নিচ্ছেন কুলসুম নওয়াজের কাছে। নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তাঁর ক্যান্সারের চিকিৎসা চলছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ২৫ জুলাইয়ের নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
গত বুধবার লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ বলেন, ‘একসময় আমরা বলতাম রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, আর এখন দাঁড়িয়েছে রাষ্ট্রের ওপর আরেক রাষ্ট্র। আমার সামনে কারাগারের গারদ দেখছি, তা সত্ত্বেও আমি পাকিস্তানে যাব।’
দুর্নীতিবিরোধী আদালত বলেন, অবৈধভাবে নওয়াজ শরিফ লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D