‘দুর্নীতিবাজ মন্ত্রীরা আপনাকে চোরের নৌকার মাঝি বানিয়েছে’

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭

‘দুর্নীতিবাজ মন্ত্রীরা আপনাকে চোরের নৌকার মাঝি বানিয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চোরের নৌকার মাঝি আখ্যা দিয়ে যুক্তফ্রন্টের আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজ মন্ত্রীরা আপনাকে চোরের নৌকার মাঝি বানিয়েছে।

ঘুষ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া সোমবার বিকেলে শহীদ মিনারে অনশনরত প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দেখতে গিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

বি চৌধুরী বলেন, চোরের নৌকার মাঝি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ যে মন্ত্রীরা দুর্নীতিকে সমর্থন করে, তাদের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। তার উচিত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেয়া। কারণ ঘুষ নিতে মানা করার দুঃসাহস উনার (শিক্ষামন্ত্রী) নেই। মানে তিনি তা সমর্থন করেন।

এ সময় সময় বি চৌধুরী অনশনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের কাছে জানতে চান বর্তমান শিক্ষামন্ত্রীর উপর তাদের আস্থা আছে কিনা? জবাবে অনশনরত শিক্ষকরা হাত তুলে ‘না’ বলেন।

তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, যারা শিক্ষকদের কষ্ট বোঝে না, তারা তাদের (শিক্ষক) দুঃখ কীভাবে মোচন করবে। তিনদিন ধরে শিক্ষকরা ঠাণ্ডার ভেতরে, বালুর উপর শহীদ মিনার প্রাঙ্গণে থাকছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কেউ দেখতে আসেননি। শুনেছি ১০০ জনের বেশি শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আমার মনে হয় মন্ত্রী আসবেন না।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, একজন শিক্ষকেরও মৃত্যু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলন ব্যহত করতে কোনো ধরনের সন্ত্রাসী হামলা যেন না করা হয়।

এ সময় যুক্তফ্রন্ট নেতা আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না মান্নাও উপস্থিত ছিলেন।

জাতীয় সরকার চান বদরুদ্দোজা চৌধুরী
ঢাকা: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার চান বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রবিবার বিকেলে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প ধারা আয়োজিত ‘জাতীয় জীবনে বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বি. চৌধুরী বলেন, ‘বাংলাদেশের জ্যেষ্ঠতম নাগরিক হিসেবে মহামান্য রাষ্ট্রপতিকে শ্রদ্ধা ও সম্মান করি। তার সংবিধানের সীমাবদ্ধতাও বুঝি। সেই হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ এই দুইটি ব্যাপারে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে, সংবিধান এটাই বলে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘অন্যান্য ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতিকে কাজ করতে হয়। সেই হিসেবে নির্বাচন কমিশন নিয়োগেও তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। কাজেই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ করতে হলে রাষ্ট্রপতি অনুগ্রহ করে প্রধানমন্ত্রী এই ব্যাপারে কি পরামর্শ দিয়েছেন তা আমাদের জানালে আমরা স্বার্থক আলোচনা করতে পারি।’

বিকল্প ধারার প্রধান বলেন, ‘ঐতিহাসিকভাবে আমরা এও জানি, যতবার দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ততবারই নির্বাচনের ফলাফল মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে এখন আর নাই সেহেতু অন্য পথ অবলম্বন করতে হবে।’

বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, মাহবুব আলী, বেগ মাহাতাব, ওয়াসিমুল ইসলাম, মঞ্জুর রাশেদ, মাহফুজুর রহমান, আইনুল হক, নূরুল ইসলাম নূরু প্রমুখ।