২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
বাংলাদেশ কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার সকালে তিনি তার ভাই মিজানুর রহমানকে ফোন করে জানিয়েছেন, তিনি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আছেন।
ভাইয়ের খোঁজ পাওয়ার বিষয়টি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জানানোর জন্য তার প্রেস উইংকে জানান মিজানুর রহমান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ, এর আগে গত বৃহস্পতিবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার ফিরে এসেছেন। এদিন দিবাগত রাত ১টার দিকে এক মাস ১৪ দিন ‘নিখোঁজ’ থাকার পর রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসায় ফিরে আসেন তিনি।
সিজারের বোন তামান্না তাসনিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে গতকাল দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে!
তবে সিজার কীভাবে ফিরেছেন, কারা তাকে নামিয়ে দিয়ে গেছেন, এত দিন কোথায় ছিলেন—এ ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।
গত ৮ নভেম্বর সকাল ৭টার দিকে বাসা থেকে বের হন সিজার। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নেন তিনি। বিকেল থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিজারের বাবা মোতাহের হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিদেশে উচ্চতর ডিগ্রি নেন সিজার। দেশে ফিরে তিনি অধ্যাপনা ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন।
এর আগে পূর্বপশ্চিম-এর সাংবাদিক উৎপল দাস ৭০ দিন নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার রাতে ফিরেছেন। রাত পৌনে ১২ টার দিকে তাকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে পাওয়া গেছে বলে পুলিশ ও তার সহকর্মীরা নিশ্চিত করেছেন। তবে এই ৭০ দিন উৎপল কোথায় ছিলেন- এ ব্যাপারে কোন কিছু জানা যায়নি। তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে এদিন রাতে তার মোবাইল ফোনে কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D