সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিনুল ইসলাম ওরফে মহন (২৯), সাত মামলার আসামি হাবিবুর রহমান ওরফে পংকি (৩৫) এবং হত্যা, হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাসহ মোট ৯ মামলার আসামি রাসেল মিয়া ওরফে পল্টি রাসেল (২৬)।

শনিবার (৭ নভেম্বর) ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে মহন ও পংকিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ভোর আনুমানিক ৪টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম মহনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সানর মিয়ার ছেলে। গোয়াইনঘাট থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি। এছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন ভোর ৫টা ৩৫ মিনিটে শাহপরাণ থানাধীন খাদিম চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান পংকিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার রাজা মিয়ার ছেলে। শাহপরাণ (রহ.) থানার একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পংকির বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড ও বিস্ফোরক আইনে অপরাধসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কস্তুরি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে রাসেল মিয়া ওরফে পল্টি রাসেলকে গ্রেফতার করে এসআরবি। তিনি শাহপরাণ থানাধীন ঠাকুরপাড়া গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট