সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে মহানগর পুলিশ। বর্তমানে এই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে দুই দফায় বন্ধ থাকবে সেতুর একটি লেন। এ সময় রিকশা চলাচল পুরোপুরি বন্ধ রাখার পাশাপাশি ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত থেকেই কার্যকর হচ্ছে এ নিয়ন্ত্রণ।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় মেরামত কাজ চলবে। দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে একই কার্যক্রম।

এ সময় নগরীর মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। সিএনজিচালিত অটোরিকশা চলবে নির্ধারিত রিকশা লেন দিয়ে।

সেতু দিয়ে চলাচলের সুযোগ পাবে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি ও সেবামূলক যানবাহন।

ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকাজের সুবিধার্থে সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে চলবে উভয়মুখী যানবাহন। এতে যানজটের আশঙ্কা থাকায় চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসী ও চালকদের অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট