নরসিংদীতে ৫০ পিস ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

নরসিংদীতে ৫০ পিস ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। প্রায় ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা জানা যাবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একজন ডাক্তার হয়ে মাদকের সাথে জড়িত এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাদক সেবন করলে তিনি কখনোই চিকিৎসা দিতে পারবেন না। তিনি শুধু আইনের দিকে অপরাধী নয়, আমাদের চিকিৎসার দিক দিয়েও নিয়ম ভঙ্গ করেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ডা. ইসমাঈল আল রাজিবকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট