১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
ঘন ঘন লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
বুধবার সকালে আশারকান্দি, সৈয়দপুর ও পাটলী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার গ্রাহক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা অফিসটি ঘেরাও করে বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ চলে যায় আর আসে। অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায় না। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জগন্নাথপুর পল্লী বিদ্যুতের সাব-জোনাল এজিএম (ওঅ্যান্ডএম) ঋষিকেশ বিশ্বাস বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় সাময়িকভাবে লোডশেডিং করতে হচ্ছে। তবে গ্রাহকদের দুর্ভোগ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D