শ্রীমঙ্গলে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

শ্রীমঙ্গলে আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া এলাকায় ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি লামুয়া মসজিদের মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্ত আনোয়ার মিয়া ইমামের জন্য টিফিন পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ভুক্তভোগীর ভাষ্যমতে, সকাল ৭টা থেকে প্রায় ৯টা পর্যন্ত তাকে ঘরের ভেতরে আটকে রাখা হয়। একপর্যায়ে অভিযুক্ত বালিশ আনতে বাইরে গেলে সুযোগ বুঝে সে দৌড়ে বেরিয়ে আসে। পরে এলাকার একটি কবরস্থানের পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ঘটনার বিষয়ে জানতে চাইলে শিশুটি তাদের কাছে পুরো বিষয়টি তুলে ধরে।

এদিকে দীর্ঘ সময় মেয়েকে বাড়িতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কবরস্থানের পাশে মেয়েকে দেখতে পেয়ে তার শারীরিক অবস্থা দেখে ঘটনার বিষয়টি বুঝতে পারেন। শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে ধর্ষণের অভিযুক্ত আনোয়ার মিয়া (৪০)-কে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত একই এলাকার মৃত মুসলিম মাস্টারের ছেলে এবং দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল আল মামুন বলেন, “ধর্ষণের অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট