৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
জ্বালানি সংকট দেখিয়ে দুই মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসের তিনটি ট্রিপ। এর মধ্যে রয়েছে বিকেল ৫টা ১০ মিনিট, রাত ৭টা ১০ মিনিট ও রাত ৮টার ট্রিপ। ট্রিপগুলো চালু না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুন) বাসের রুট ও ট্রিপের নতুন সময়সূচি প্রকাশ করেছে শাবিপ্রবির পরিবহন দপ্তর। সময়সূচিতে গত ১২ এপ্রিল দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কর্তৃক দেওয়া নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে বন্ধ রাখা তিনটি ট্রিপ চালু করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পূর্বের সময়সূচি পর্যবেক্ষণ করে দেখা যায়, জ্বালানি সংকটে সরকারের নির্দেশনা দেওয়ার আগে শাবিপ্রবিতে দিনে মোট সাতটি ট্রিপের মাধ্যমে বাসগুলো ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন স্থানে পৌঁছাত। এর মধ্যে ছিল সকাল ৭টা ৪৫ মিনিট ও ৮টা ৫০ মিনিট, বেলা ১টা ১০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও ৫টা ১৫ মিনিট, রাত ৭টা ১০ মিনিট ও ৮টা।
তবে গত এপ্রিল মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে বিকেল ৪টা ১০ মিনিটের পরের বাসের ট্রিপগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এদিকে নতুন সময়সূচিতে বন্ধ থাকা ট্রিপগুলো চালু না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কেউ কেউ বিকেল ৫টার পরের বাস নেই ‘কেন’ এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রশাসনের উদ্দেশে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে মো. সাব্বির আহমেদ শিমুল নামে এক শিক্ষার্থী লিখেছেন, জ্বালানি সংকটের অজুহাতে কি সব দায় সেরে ফেলবেন? এখনো কি এই সংকটের কোনো সুরাহা হয়নি? নাকি সব দায়ভার শুধু আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরই বইতে হবে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিকেল ৫টা ১০ এবং সন্ধ্যা ৭টা ১০-এর বাসগুলো এখনো বন্ধ। আপনারা কি মনে করেন শিক্ষার্থীদের যাতায়াত কেবল সকাল থেকে বিকেল পর্যন্ত?
ওই শিক্ষার্থী আরও লিখেছেন, ক্যাম্পাসের এতগুলো মুখ যাদের ভরসায় এখানে প্রতিদিন বাঁচে তাদের থেকে এমন বিমাতাসুলভ আচরণ আমরা প্রত্যাশা করি না। অর্ধেকের বেশি শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাইরে থাকে, তাদের কি ক্যাম্পাসের সঙ্গে কোনো সম্পর্ক রাখার অধিকার নেই? নাকি আপনাদের নীতি এমন যে সূর্য ডুবলেই বাইরের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? শিক্ষার্থীদের টিউশনি করা আপনারা পছন্দ করেন না, সেটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া বলেন, ‘জ্বালানি সংকটের প্রজ্ঞাপনের পর তৎকালীন উপাচার্য আমাদের ডেকে মিটিং করে বলেছিলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থাকা সময়সূচি মানতে। বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে বর্তমান উপাচার্য স্যার আমাকে জানিয়েছেন, ফলে বাসগুলো চালু করা হয়নি।
ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যদি নির্দেশনা আসে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে গিয়ে আমাদের বলা হয় ট্রিপ চালু করা যেতে পারে, তাহলে সেভাবে ব্যবস্থা নিতে আমাদের কোনো সমস্যা নেই।
(মূল রিপোর্ট : জাগো নিউজ)

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D