৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগান এলাকার লাংলিয়া ছড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুদ্র তাঁতি খেজুরিছড়া চা বাগানের বাসিন্দা ও চা বাগানের গাড়িচালক কমল তাঁতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রাজঘাট নার্সারি-সংলগ্ন লাংলিয়া ছড়ায় গোসল করতে যায় রুদ্র। একপর্যায়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা গোসল শেষে ছড়া থেকে উঠে এলেও রুদ্রকে দেখতে পায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসী ছড়া ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ থেকে ৫০ জন স্থানীয় বাসিন্দা ছড়ায় নেমে তল্লাশি চালান। প্রায় আধাঘণ্টা পর ছড়া থেকে রুদ্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় চা বাগান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল। তবে স্থানীয়দের তল্লাশিতে মরদেহ উদ্ধারের পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
রাজঘাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বৈশিষ্ট্য গোয়ালা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেলেই সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।’
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে রওনা হওয়ার প্রায় ১৩ মিনিট পর স্থানীয় ইউপি সদস্য ফোন করে জানান, এলাকাবাসী ইতোমধ্যে মরদেহ উদ্ধার করেছেন। পরে উদ্ধারকারী দলকে আর ঘটনাস্থলে যেতে হয়নি।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D