৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
দাবি পূরণ না হওয়ায় হবিগঞ্জ জেলায় বুধবার (৩ জুন) ভোর ৬টা থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হবে।
এর আগে রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল ঘোষণা দেন, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ধর্মঘট কার্যকর করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক-শ্রমিক সংগঠন বাধাগ্রস্ত করছে। এতে দুই জেলার পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
পরিবহন নেতাদের দাবি, প্রশাসনের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসসহ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আওতাভুক্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এতে হবিগঞ্জ থেকে সিলেট, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সম্ভাব্য জনদুর্ভোগ এড়াতে দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহন নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D