২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে তর্কের জেরে এক সিএনজি অটোরিকশা চালক কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা এবং অপর এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিএনজি অটোরিকশা চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধু হাকিমুল ইসলাম। এদের মধ্যে গুরুতর জখম জায়েদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০) নামের দুই যুবকের ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জায়েদ আহমদের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় জায়েদকে সিলেটে স্থানান্তর করেন।
এ ঘটনায় আহতের পিতা তরিকুল ইসলাম পাখি বাদী হয়ে বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D