২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহসানুল মিয়া (১৬) বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। সে এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কামড়াবন্দ মধ্যহাটি গ্রামের একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলাকালে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি উচ্চ ভোল্টেজ লাইনের সংস্পর্শে আহসানুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হন। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী ম্যানেজার মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের খুব কাছেই ভবনটির নির্মাণকাজ চলছিল। তবে কাজ শুরুর আগে বিদ্যুৎ লাইন সাময়িক বন্ধের জন্য মালিকপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এমনকি নির্মাণকাজের বিষয়েও আমাদের অবহিত করা হয়নি।
অন্যদিকে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, চার মাস আগেই বিদ্যুতের লাইনটি সরানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। তাদের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করতে চায়। এ জন্য তারা প্রয়োজনীয় আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D