সুনামগঞ্জে হাওরে রহস্যময় কাদাজল-মিশ্রিত গ্যাস

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

সুনামগঞ্জে হাওরে রহস্যময় কাদাজল-মিশ্রিত গ্যাস

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রায়পুর গ্রামে হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে হঠাৎ উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয়রা সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা লক্ষ্য করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাওরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষ হওয়ার পর পুরো হাওর পানিতে তলিয়ে যায়। এ সময় হাওরের মধ্যে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে শুরু করে।

স্থানীয় বাসিন্দা রকি মিয়া বলেন, “হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। বিষয়টি দেখতে আমরা এখানে ভিড় করেছি।”

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক জানান, ওই এলাকায় আগে থেকেই গ্যাসের খনির উপস্থিতির কথা স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। তিনি বলেন, “আজ দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে উপরে উঠতে দেখা গেছে। খবর পেয়ে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।”

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়ে অনেকেই আমাকে জানিয়েছেন। তবে এটি গ্যাস নাকি অন্য কোনো উপাদান, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট