ফুটপাতে বসার দাবিতে সিলেটে থালা হাতে হকারদের অবস্থান

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

ফুটপাতে বসার দাবিতে সিলেটে থালা হাতে হকারদের অবস্থান

সিলেটে নগরীর ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে হকাররা রোববার (১৭ মে) দুপুরে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে নগরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক হকার অংশ নেন। তারা সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন। অনেকের হাতে ভাতের থালা এবং দাবি সংবলিত প্ল্যাকার্ড ছিল।

এসময় হকাররা বলেন, সারাদিন ব্যবসা করতে না পারলেও বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া হকাররা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং মালামাল জব্দ করা হয়। তারা এ ধরনের অভিযান বন্ধ করে হকারদের জন্য মানবিক সমাধান চেয়েছেন।

বক্তারা আরও বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালালে অনেক পরিবার চরম সংকটে পড়বে। তাই নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়ার আহ্বান জানান।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবস্থান কর্মসূচি শেষে হকাররা এখনও সিটি করপোরেশনের ফটকের সামনে ছিলেন। তখন আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরে হকাররা বিক্ষোভ মিছিল করেছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট