হবিগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

হবিগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়ক শনিবার (১৬ মে) দুপুরে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

শ্রমিকেরা জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন পরিবহন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিচ্ছে। গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে।

এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হলেও আজ (শনিবার) সকালে আবারও মৌলভীবাজারে বাস ও শ্রমিকদের আটকিয়ে মারধরের অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে অবরোধ কর্মসূচি পালন করে। পরে বেলা আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট