সিলেটে ১৬০ পিস ভারতীয় কম্বলসহ আটক ৪

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

সিলেটে ১৬০ পিস ভারতীয় কম্বলসহ আটক ৪

সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বলসহ ৪ জনকে আটক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকায় বনফুল নামীয় দোকানের সামনে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিঃ) মো. আলিফ সঙ্গীয় ফোর্সসহ একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেন। তবে বাসটি পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে মুরাদপুর পয়েন্টের দিকে চলে যায়।

পরে সিয়েরা-৬১ (রাত্রী) পার্টির সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজার এলাকার সামনে বাসটি আটক করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে ১৬০ পিস বিভিন্ন রঙের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত “ROYAL SPECIAL” নামীয় বাসটির (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১)।

আটককৃতরা হলেন—মো. আল-আমিন (৩৮), বাসের চালক, নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা; আরিফুল হক (৪০), মনোহরদী উপজেলার গন্ডারদিয়া এলাকার বাসিন্দা; মো. সবুজ মিয়া (৩২) এবং মো. দিন ইসলাম (৪০), উভয়ই নরসিংদীর চালাকচর এলাকার বাসিন্দা।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।