সিলেটে মাজারে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

সিলেটে মাজারে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

সিলেটে মাজার জিয়ারতে আসা এক প্রতিবন্ধী তরুণীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব-৯।

আটককৃতরা হলেন সিলেটের বিমানবন্দর মাহালদি এলাকার আতিকুর রহমান (৪০), লোহারপাড়া এলাকার শামসুল হক (৪৫) এবং আশিকুর রহমান (৩০)।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সাতক্ষীরা জেলার বাসিন্দা। ধর্মীয় উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য সিলেট আসেন।

মঙ্গলবার (১২ মে) বেলা ২টার দিকে আতিকুর রহমান ও শামসুল হককে লোহারপাড়া এলাকা থেকে এবং বিকেল সাড়ে ৫টার দিকে আশিকুর রহমানকে নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে, আটক আতিকুর রহমান ও আশিকুর রহমান সিএনজিচালিত অটোরিকশার চালক।

ভুক্তভোগী তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই তরুণী সিলেটে আসেন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার-এ ওরসে অংশ নিতে ও জিয়ারত করতে। সোমবার রাতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে রাতের দিকে সিলেট রেলস্টেশনে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন।

অভিযোগ রয়েছে, অটোরিকশাচালক আতিকুর রহমান কথাবার্তার একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নগরীর লোহারপাড়া এলাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিচিত আরেক অটোরিকশাচালক আশিকুর রহমানের সহায়তায় শামসুল হকের ভাড়া বাসায় নিয়ে গিয়ে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেন।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়াদের জানান। পরে স্থানীয়রা র‍্যাবকে খবর দিলে র‍্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে আতিকুর রহমান ও শামসুল হককে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশিকুর রহমানকেও আটক করা হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট