৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ঢালাইয়ের পরপরই দুমড়ে-মুচড়ে ধসে পড়েছে নির্মাণাধীন ৬০ ফুট দীর্ঘ একটি সেতুর পুরো অংশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুড়িকান্দি গ্রামের একটি খালের ওপর নির্মাণাধীন সেতুর স্ল্যাব ঢালাইয়ের কাজ চলছিল বৃহস্পতিবার। দুপুরের দিকে ঢালাই কাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে পুরো সেতুর অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঢালাই কাজে বাঁশ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ধসের ঘটনা ঘটেছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় ঠিকাদার সাইফুল ইসলাম কাজটি বাস্তবায়ন করছেন।
এ বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন বলে জানা গেছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রদেশ চন্দ্র দাস বলেন, ‘ঠিকাদার আজ ঢালাই দেবে, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। আমাদের না জানিয়ে তিনি নিজ উদ্যোগে কাজ করেছেন। এখন এর দায়ভার তাকেই নিতে হবে।’
৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল। এর আগেও স্থানীয়দের নিয়ে আমি নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলেছিলাম। প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ও আজকের ঢালাই সম্পর্কে অবগত ছিল না।’
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সেতু নির্মাণে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D