৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
সিলেটের মোগলাবাজারে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সহোদর ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামিকে শরীয়াতপুর থেকে আটক করা হয়েছে। র্যাব-৯ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে মঙ্গলবার (৫ মে) তাকে আটক করা হয়।
আটককৃত নাজিম উদ্দিন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বীরমঙ্গল এলাকার জফুর আলীর ছেলে।
র্যাব জানায়, সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও তার ছোট ভাই নাজিম উদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য গত ২৫ মার্চ দুপুরে বাড়িতে মুরুব্বিদের নিয়ে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ছোট ভাই নাজিম উদ্দিন শালিস মেনে না নিয়ে উপস্থিতদের সামনে বড় ভাইকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত নাজিম উদ্দিন পেছন দিক থেকে অতর্কিত হামলা চালান। তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন মইনুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। এরপর আসামিকে আটকের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র্যাব-৮, সিপিসি-৩, শরীয়তপুরের একটি যৌথ দল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে আটক করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D