সিলেটে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

সিলেটে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

সিলেট থেকে ভারতে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তারা ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ভারতে পাচার করত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সিলেট নগরীর পূর্ব কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃতরা হলেন—গোয়াইনঘাট উপজেলার আমস্বপ্ন এলাকার ইসমাইল আলীর ছেলে শাকিল (২২) এবং একই এলাকার ফয়সাল (২২)।

র‌্যাব জানায়, নড়াইল সদর উপজেলার শ্রীফলতলা এলাকার জোছনা খানম (৫৩) দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে ছিলেন। তার স্বামী অসুস্থ হওয়ায় পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। এই সুযোগে চক্রের মূলহোতা জুয়েল মিয়া তাকে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখান। জুয়েলের কথায় জোছনা খানম নাহিদা খাতুন নামের আরেক নারীর সঙ্গে যোগাযোগ করেন, যিনি দাবি করেন যে তিনি ইতিপূর্বে ২৫০-৩০০ জনকে ভারতে পাঠিয়ে চাকরির ব্যবস্থা করেছেন।

পরে জোছনা খানমকে জাফলং এলাকায় কাজ দেওয়ার কথা বলে গত ১৬ এপ্রিল সকালে জাফলং জিরো পয়েন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। বিকেলে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সীমান্ত এলাকা দিয়ে পারাপারের সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগীরা জানায়, তাদের জোর করে ভারতে পাঠানো হচ্ছে।

এ সময় স্থানীয় জনতা মানবপাচার চক্রের সদস্য জুয়েল মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় জোছনা খানম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।