২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬
দেশের বাজারে আবারো এলপিজি গ্যাসের মূল্য ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বৃদ্ধি করে ১৯৪০ টাকা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি বৃদ্ধি করেছে অটোগ্যাসের মূল্যও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। চলতি মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এসব মিলিয়ে সরকারী এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী ও ‘বোঝার ওপর শাকের আঁটি’ হিসাবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
সোমবার (২০ এপ্রিল) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতি বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ‘বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের এই সিদ্ধান্তে জনজীবন এবং শিল্প-কলকারখানার উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’
তারা বলেন, ‘দেশের নাগরিকদের দৈনন্দিন অত্যাবশ্যকীয় পণ্য হল এলপিজি। অক্টেন-ডিজেল-প্রেট্রোল-কেরোসিনের মূল্যবৃদ্ধির সাথে সাথেই এলপিজির মূল্যবৃদ্ধি জনগণের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলতে বাধ্য। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য জ্বালানির বাড়তি ব্যয় বহন করা খুবই কষ্টকর হয়ে পড়বে। সরকার জনগণের ক্রয়ক্ষমতার কথা চিন্তা না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ জনস্বার্থবিরোধী।’
নেতৃদ্বয় দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বলেন, ‘সরকারের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের ভোগান্তি ও দুঃখ-কষ্ট আরও বৃদ্ধি পাবে।’
তারা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র জনগণের জীবনধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র জনগণের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ল। এমন সিদ্ধান্ত সীমিত আয়ের দরিদ্র জনগণের ওপর ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপিয়ে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের অবশ্যই সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করা উচিত ছিল।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D