সিলেটে সীমান্তে সাড়ে ৪৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

সিলেটে সীমান্তে সাড়ে ৪৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।

রোববার (১৯ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট