১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে কার্যত অচল হয়ে পড়েছে। সর্বশেষ একমাত্র কর্মরত ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিউভি) মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর কেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
এই পরিস্থিতিতে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় অর্ধলক্ষ মানুষের জনবহুল রাণীগাঁও ইউনিয়নের একমাত্র ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্রটি। বাগান ও সমতল মিলিয়ে ১০টি ওয়ার্ডের এ ইউনিয়নে প্রায় ২৫ বছর আগে প্রতিষ্ঠিত কেন্দ্রটি নামমাত্র চালু থাকলেও কখনোই পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত হয়নি।
নিয়ম অনুযায়ী এখানে মেডিকেল অফিসার (ফ্যামিলি ওয়েলফেয়ার), সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিউভি) এবং সহকারী ফ্যামিলি ওয়েলফেয়ার কর্মীসহ একাধিক জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে একজন এফডব্লিউভি দিয়েই কেন্দ্রটি চলছিল। গত ১৪ এপ্রিল ওই কর্মী মাতৃত্বকালীন ছুটিতে গেলে কেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থিত হওয়ায় চিকিৎসকেরা সেখানে দায়িত্ব নিতে আগ্রহী হন না। এছাড়া কেন্দ্রের জমির একটি অংশ স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে।
ফলে সামান্য অসুস্থতা নিয়েও রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। এতে বিশেষ করে নারী ও শিশুদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা জানান।
মানববন্ধনে বক্তারা দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে কেন্দ্রটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D