পিআর, ন্যায়পাল চালু সহ স্থানীয় দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি ও মিছিল

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

পিআর, ন্যায়পাল চালু সহ স্থানীয় দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি ও মিছিল

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, ঢাকা-সিলেট রোডে বিরতিহীন রেল সার্ভিস সহ বিভিন্ন স্থানীয় দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।

১০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়ে নাগরিক মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি পেশ করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, ব্যবসায়ী নেতা মোঃ লায়েক মিয়া, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি কয়েছ ইকবাল, তাজ উদ্দিন, নুরুল ইসলাম জিতু, রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার বক্ত রাসেল, জুয়েল আহমদ নিপু, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য আজাদ আলী ফাহিম, আনহার হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৯০ সাল থেকে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত বড় বড় দুর্নীতিবাজদের তালিকা করে, তাদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করা, সর্বগ্রাসী সরকারি দুর্নীতি বন্ধ করতে হলে পি.আর. পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, স্বাধীন দুদক ও ইসি পুনর্গঠন বাস্তবায়ন হলেই গণতন্ত্র শক্তিশালী হবে।

বাংলাদেশের উন্নয়নে সিলেটবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেই সিলেটের জনপ্রিয় গণপরিবহন বাংলাদেশ রেলওয়ে সার্ভিসের মান খুব নিম্নমানের। এতে সিলেটের যাত্রীগণ খুব ভোগান্তির শিকার। তাই সিলেট-ঢাকা রোডে বিরতিহীন ট্রেন সার্ভিস চালু সহ আন্তঃনগর ট্রেনগুলোতে বগির সংখ্যা বৃদ্ধির সময়ের দাবী। এছাড়াও সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত শেষ করা খুবই জরুরী। সিলেটের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ধ্বংসকারী, পাথর ও বালু লুটেরা গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর ও তাদের সম্পদ জব্ধ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবী সিলেটবাসীর। সিলেট নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলতে প্রধান প্রধান সড়কের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ স্ট্যান্ড ও পার্কিং বন্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সিসিকের উদ্যোগে পার্কিং জোন গড়ে তোলা এবং পর্যটক ও অসচ্ছল জনগণের জন্য মুসাফিরখানা ও নগরীতে কয়েকটি গণশৌচাঘার স্থাপন সচেতন নগরবাসীর দাবী।

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত বিষগুলো আমলে নিয়ে দ্রুত বাস্তবায়ন করার জোর দাবী জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট