হবিগঞ্জে দেড়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনজিওর চেয়ারম্যান ও কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

হবিগঞ্জে দেড়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনজিওর চেয়ারম্যান ও কর্মকর্তা গ্রেপ্তার

অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের দেড়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটির চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে মঈন উদ্দিন বেলাল শ্বশুরের জমিতে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। কর্মী নিয়োগ দিয়ে তিনি চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান ‘প্রতি লাখে প্রতি মাসে দুই হাজার টাকা মুনাফা’ দেয়া হবে।

এ প্রলোভনে হবিগঞ্জের চা শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ দেড়শ’ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে কিছু গ্রাহককে মুনাফা দেয়া হলেও গত তিন বছর ধরে আসল টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, অনেকেই গরু-ছাগল ও জমি বিক্রি করে প্রতিষ্ঠানটিতে টাকা জমা রেখেছিলেন। ফলে স্বপ্নভঙ্গ হয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

সুরমা গ্রামের মানিক মিয়া জানান, টাকা ফেরত না পাওয়ার কষ্টে তার বাবা আরজু মিয়া মারা গেছেন।

অভিযোগ উঠেছে- এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক সায়েম ও সালমান পলাতক রয়েছেন। এছাড়া তাদের মা আমেনা ও ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিনও আত্মগোপনে চলে গেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেফতার করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট