কক্সবাজারে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে কক্সবাজার পৌর শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ হাসান ও ইয়াসমিন আক্তার নামে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।


বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাতটার দিকে দক্ষিণ রুমালিয়ারছড়ার সিকদার বাজার ও পল্লানকাটা  এলাকায় পৃথকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মছিউর রহমান।

নিহত হাসান সিকদার বাজার এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে ও ইয়াসমিন আক্তারের বাড়ি পল্লানকাটা এলাকায়।

নিহতের বাবা সাইফুল জানান, রাতভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে সবাই ঘুমে। হঠাৎ পাহাড়ধসে পড়ে। মাটি চাপা পড়ে হাসান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার স্ত্রী ও আরেক সন্তানও আহত হয়েছে।

ওসি বলেন, ‘টানা বর্ষণের ফলে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট