২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৪
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ধাপে সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার লাখাই, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার এই ১০ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া নির্বাচনের আগের দিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য ভোটের এলাকায় নিষেধ থাকবে মোটরসাইকেল চলাচল।
সিলেট জেলার তিন উপজেলায় ভোটযুদ্ধে লড়ছেন ৪৫ প্রার্থী। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ভোটের লড়াইয়ে আছেন।
এই তিন উপজেলার ৩ লাখ ২৩ হাজার ভোটার ১৪০ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে ইউনিয়ন প্রতি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলার সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য স্ট্যান্ডবাই থাকবেন। সেই সঙ্গে ১৩ জন করে আনসার সদস্য থাকবেন। প্রতি তিনটি ইউনিয়নে ছয়জনের করে ১৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। তিনটি করে কেন্দ্রে মোবাইল টিম টহল দেবে।
এর বাইরেও সিআরটি, সাদা পোশাকে পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করবে। এ ছাড়া নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিমও তৎপর থাকবে। এরপরও কেউ নির্বাচন ব্যবস্থা ব্যাহত করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D