|
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতেও কর কমানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত কোডভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এদিকে বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আগে প্রতি মাসে মূল্য সংযোজন করের (মূসক) রিটার্ন জমা দেওয়ার নিয়ম ছিল। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তা পরিবর্তন করে প্রতি তিন মাসে একবার রিটার্ন জমা দেওয়ার বিধান করা হয়। তবে নতুন বিধানের কারণে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় আবারও আগের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়। সংসদ অধিবেশন চলমান না থাকায় এর আগে মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।
এখন অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধনী আইনের খসড়া তৈরি করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D