|
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
নিজস্ব সম্পত্তি ও পৈতৃক বসতভিটার বণ্টন নিয়ে বিরোধের জেরে অপহরণ, নির্যাতন, হত্যার হুমকি এবং একাধিক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী মো. মফজ্জুল আলী। এসব ঘটনায় তিনি বড় ভাই মকবুল আলীর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা ও ন্যায়বিচার দাবি করেছেন।
রবিবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মফজ্জুল আলী জানান, তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চন্ডিতিয়র গ্রামের কাজীবাড়ির বাসিন্দা। প্রায় ৪০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। লন্ডনে তাঁর মালিকানাধীন বাড়িতে বড় ভাই মকবুল আলী প্রায় ৩৩ বছর বিনা ভাড়ায় বসবাস করেন। ২০২৫ সালের শেষ দিকে ওই বাড়ি ছেড়ে দেওয়ার পর তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে গ্রামের মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ৬-৭ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে জোরপূর্বক একটি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর চোখ বেঁধে মারধর করা হয় এবং নগদ ৫৮ হাজার ৮০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে সিলেট নগরের আম্বরখানায় একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে আটকে রেখে শরীরে মাদকজাতীয় ইনজেকশন পুশ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরদিন ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে ওই কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। এ সময় ছিনিয়ে নেওয়া টাকার মধ্যে ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মকবুল আলী, পুনর্বাসন কেন্দ্রের মালিক বাবুল আহমদসহ ছয়জনকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা করেন তিনি। মামলা নম্বর ১০/২৬, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
তিনি অভিযোগ করেন, আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে ১ মার্চ তিনি লন্ডনে ফিরে যান।
পৈতৃক বসতভিটার বণ্টন নিয়ে তিনি জানান, ২০২১ সালের ২৩ জানুয়ারি পরিবারের সদস্যদের সম্মতিতে বসতভিটার জমি আপস বণ্টন করা হয়। ওই বণ্টন অনুযায়ী ২০২২ সালে তিনি নিজের অংশে তিনতলা ভবন নির্মাণ শুরু করেন, যা ২০২৫ সালে সম্পন্ন হয়। তবে বড় ভাই মকবুল আলী বণ্টননামায় স্বাক্ষর না করে বিরোধ সৃষ্টি করেন। পরে ৫১ দশমিক ৫০ শতক জমির বণ্টন দাবি করে তাঁর বিরুদ্ধে স্বত্ব মামলা দায়ের করেন।
এ ছাড়া গত ২৪ মার্চের একটি ঘটনার উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন মফজ্জুল আলী। তাঁর দাবি, ওই সময় তিনি লন্ডনে অবস্থান করছিলেন। আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্য করে বাড়িতে লাল পতাকা টানানো এবং বাড়ি সিলগালা করার উদ্যোগ নেওয়ার অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে মফজ্জুল আলী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈতৃক সম্পত্তির ন্যায্য বণ্টনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মফজ্জুল আলীর পক্ষে তার খালাতো বোন দীপা আক্তার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D