শাবি’র প্রক্টর অফিসে তালা, ভিসি’র কাছে স্মারকলিপি

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

শাবি’র প্রক্টর অফিসে তালা, ভিসি’র কাছে স্মারকলিপি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, দুর্ঘটনা ও টিলা-দোকান থেকে অর্থ আদায়, নারী শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বিচারপ্রার্থীকে হয়রানিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এসব অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সাপেক্ষে প্রক্টরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই ৫ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে প্রক্টরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সপক্ষে বিভিন্ন তথ্য, উপাত্ত ও নথিপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলো হচ্ছে-
১. নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ ও বিশেষ সুবিধা দান :
গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের (দেলোয়ার হাসান শিশির, আসাদুজ্জামান গালিব ও হাফিজুল ইসলামসহ অন্যরা) সঙ্গে বর্তমান প্রক্টরের নিয়মিত যোগাযোগ ছিল বলে অভিযোগে বলা হয়। এছাড়া ৫ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা সাময়িক বহিষ্কৃত হলেও প্রক্টর তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বিভিন্ন সহযোগিতা করেছেন এবং বিশেষ প্রটোকলে পরীক্ষার সুযোগ করে দিয়েছেন। বর্তমানেও নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

২. দুর্ঘটনার ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগ:
ক্যাম্পাসে ট্রাক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার পর, বিষয়টি তাঁকে না জানিয়ে ট্রাক কোম্পানির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং পরবর্তী সময়ে সেই অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে।

৩. নারী শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য:
প্রক্টরের পক্ষ থেকে এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন ও পোশাক নিয়ে আপত্তিজনক ও অপমানজনক মন্তব্য করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত মর্যাদা ও সম্মানের পরিপন্থী।

৪. বিচারপ্রার্থী নারী শিক্ষার্থীকে হয়রানি:
বিচার ও ন্যায়বিচারের আশায় প্রক্টরিয়াল বডির দ্বারস্থ হওয়া এক নারী শিক্ষার্থী উল্টো হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫. টি-শপ ও অটোচালকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়:
ক্যাম্পাসের টি-দোকানদার ও অটোরিকশাচালকদের কাছ থেকে অনিয়ম ও অনৈতিকভাবে অর্থ আদায়ের গুঞ্জন রয়েছে।

৬. অসৌজন্যমূলক ও ভীতিপ্রদ আচরণ:
বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে ধমক, অপমানজনক ভাষা ও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, যা শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের পরিপন্থী।

৭. নিয়মবহির্ভূতভাবে শোকজ ও মানসিক হয়রানি:
যথাযথ কারণ ও বিধিবিধান অনুসরণ না করে বিভিন্ন শিক্ষার্থীকে শোকজ করার মাধ্যমে মানসিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি:
১. উত্থাপিত অভিযোগগুলো তদন্তের জন্য অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করতে হবে, যেখানে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন।

২. তদন্তের স্বচ্ছতা ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তদন্ত চলাকালীন বর্তমান প্রক্টরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিতে হবে।

৩. তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. অভিযোগকারী ও সাক্ষীদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিহিংসামূলক বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যাবে না।

৫. তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এছাড়া, তদন্ত কমিটি গঠন ও কার্যক্রম শেষ করে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত প্রক্টরের অফিস তালাবদ্ধ থাকবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এদিকে, গত বৃহস্পতিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা দেন। আজ রবিবারও তাঁর কার্যালয়টি তালাবদ্ধ দেখা গেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট