মোংলায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, সিলেটে গ্রেপ্তার সমির

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

মোংলায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, সিলেটে গ্রেপ্তার সমির

বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ইয়ার মো. সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর সংলগ্ন এলাকায় এসআরবি-৯ ও এসআরবি-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সমির হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমির খনি এলাকার জহির মিয়ার ছেলে। তিনি বাগেরহাটের মোংলা থানায় দায়ের করা এ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি।

এসআরবি জানায়, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে বাগেরহাটের মোংলা বন্দর এলাকার মাধবী আবাসিক এলাকায় বসবাস করত। অভিযুক্ত সমির তাদের প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সুবাদে শিশুটি প্রায়ই সমিরের বাসায় গিয়ে তার দুই বছর বয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করত।

গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটি সমিরের বাসায় খেলতে যায়। এ সময় সমিরের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে নিজ বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন।

এসআরবি জানায়, মামলার পর থেকে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার দাউদপুর সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে সমিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট