৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
পুলিশের বাধার কারণে সিলেটে নির্ধারিত স্থানে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি। শনিবার (১ এপ্রিল) সকাল থেকে শহীদ মিনার ও চন্ডিপুল এলাকা ঘিরে রাখে পুলিশ। দুপুরে এই দুইস্থানে অবস্থান কর্মসূচী পালনের কথা ছিলো জেলা ও মহানগর বিএনপির।
নির্ধারিত স্থানে বাধা পেয়ে দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে সিলেট মহানগর বিএনপি ও দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করে।
বেলা আড়াইটায় মুসলিম সাহিত্য সংসদের সামনে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচী শুরু হয়। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আজকের কর্মসূচীর ব্যাপারে গত ২৭ মার্চ আমরা পুলিশকে লিখিতভাবে অবহিত করি। তখন তারা কোন আপত্তি জানায়নি। কিন্তু শুক্রবার হঠাৎ করে আমাদের কর্মসূচীতে আপত্তি জানানো হয়। প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়। আজ সকাল থেকে আমাদের কর্মসূচীস্থল ঘিরে রেখেছে পুলিশ। আমাদের নেতাকর্মীদের সেখানে যেতে দেয়নি।
নাসিম বলেন, আমাদের একেবারে নীরিহ কর্মসূচি ছিলো। কেবল অবস্থান নেওয়া। অথচ শহীদ মিনারে আমাদের বসতেও দেওয়া হয়নি। সরকার রীতিমত মগের মুল্লুক সৃষ্টি করেছে।

তবে বিএনপিকে কর্মসূচি পালনে কোন বাধা দেওয়া হয়নি দাবি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, আমরা তাদেরকে ইনডোরে অনুষ্ঠান করতে বলেছি। যেকোন হল বা কমিউনিটি সেন্টারে তারা কর্মসূচি করতে পারেন। কেবল উন্মুক্ত স্থানে কর্মসূচির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে।
শেষ মূহূর্তে এসে আপত্তি জানানো প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি নেতারা জানান, ১০ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে ‘যুগপৎ আন্দোলন’ করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেটের দুই স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D