নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুইজন।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুলাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এ আল মামুন।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আগে আবু লাল এবং হেলাল একই অপরাধী চক্রে যুক্ত ছিল। উভয় গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের লোকজন বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়। এসময় ধারাল অস্ত্রের আঘাতে আহত হয় বাবুর বড় ভাই রুবেল ও অপর পক্ষের মিরাজ। ঘটনার পরপর গুলিবিদ্ধ বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ সাপেক্ষে আইনগত পদক্ষেপ ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আহত মিরাজকে আটক করা হয়েছে।