শুধু এক নজর লাশটা দেখতে চাই 😭

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

শুধু এক নজর লাশটা দেখতে চাই 😭

ইউক্রেনে বাংলাদেশী ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রাশিয়ার রকেট হামলায় বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ নিহত হয়েছেন। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের এ হামলা হয়। ইঞ্জিনিয়ার হাদিসের মৃত্যুর খবর শোনার পর বেতাগীতে তার বাড়ি চলছে শোকের মাতন।

জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর রাজ্জাক ও আমেনা বেগম দম্পত্তির জ্যেষ্ঠ সন্তান মেরিন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ (২৯)। এছাড়াও তাদের দুই ছেলে ও একটি মেয়ে আছে। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে এবং ছেলের লাশ ফিরে পাওয়ার অনিশ্চয়তায় পাগলপ্রায় মা ও বাবা।

স্বজনদের সাথে কথা বললে তারা জানান, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামের জাহাজটিতে সাত বছর যাবৎ চাকরি করেন হাদিসুর রহমান আরিফ। জাহাজ থেকে হাদিসের এক বন্ধু ফোন করে জানান, বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়ারি থেকে আটকে থাকে তাদের জাহাজ। ইউক্রেনের সময় বুধবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে তাদের জাহাজে হামলা হয়েছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন এর মধ্যে হাদিস জাহাজের সামনে বাহিরে অবস্থান করায় রকেট হামলার সাথে সাথে তিনি নিহত হয়েছেন।

এর আগে বাংলাদেশী জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ‘স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে আমাদের জাহাজে বিমান হামলা হইছে। আগুন নেভানোর চেষ্টা করছি।’ আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।

নিহত হাদিসের ছোট ভাই মো. তারেক জানান, বুধবার সকালেও ভাই আমাদের সাথে কথা বলেছে। ফোনে বলেন, ভাই আমাদের আর ভাঙ্গা ঘরে থাকতে হবে না। বাড়িতে এসেই যেভাবে হোক ঘরের নির্মাণ কাজ ধরবো।

তিনি আরো বলেন, আমার বাবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন। মা বেহুঁশ। এক নজরের জন্য হলেও আমার ভাইয়ের লাশটা শুধু দেখতে চাই। ভাইকে হারিয়ে আমাদের পরিবারটি পথে বসে গেলো।