২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২১
চাহিদা পূরণে সিলেটে জরুরী ভিত্তিতে চারটি অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, সিলেটে করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, এ অবস্থায় অক্সিজেনের খুবই প্রয়োজন। স্প্রেক্টা এবং লিন্ডে এ ঘাটতি কিছুটা পূরণের চেষ্টা করছে। আমরা অক্সিজেন সাপ্লাই বলবৎ রাখার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
বেসরকারি সংস্থা সীমান্তিকের উদ্যোগে মঙ্গলবার ফ্রি অক্সিজেন সিলিন্ডার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন। সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চিফ পেট্রন, বীর মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সারাদেশের অর্ধেক জনসংখ্যাকে টিকার আওতায় নিয়ে আসতে চান। ৭ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে দেশের প্রায় এক কোটি মানুষ ভ্যাক্সিন পাবে। তিনি বলেন, আমাদের হাতে ১ কোটি ১৭ লাখ ভ্যাক্সিন মজুদ আছে। জাপান থেকে আমরা আরো ৬ লাখ ভ্যা´িন পাচ্ছি। এরই মধ্যে ১ কোটি ৩৭ লাখ লোককে ভ্যাক্সিন প্রদান করা হয়ে গেছে বলে জানান মন্ত্রী।
করোনার সংক্রমণরোধে সিলেটের লোকজনকে স্বাস্থ্যবিধি মানা এবং লোকজনকে একত্রে জড়ো না হওয়ার পরামর্শ দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবিরের প্রসঙ্গে আলোকপাত করে বলেন, তিনি সর্বদা জনগণের মঙ্গলে নিয়োজিত রয়েছেন। সীমান্তিকের অক্সিজেন বিতরণের মহতি উদ্যোগ মানুষের কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, জাতীয় অধ্যাপক ডা: শাহলা খাতুন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ ও সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডলও বক্তব্য রাখেন।
সীমান্তিকের সাধারণ সম্পাদক শামীম আহমদের উপস্থাপনায় এতে আরো অংশ নেন-সীমান্তিক ঢাকা কমিটির চেয়ারম্যান ড. আহমদ আল ওয়ালী, পরিচালক আব্দুর রউফ তাপাদার, সীমান্তিক সিলেট-এর চেয়ারপার্সন মাজেদ আহমদ চঞ্চল, নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান, উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম ও হুমায়ুন কবির।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগসহ সবার সমন্বিত প্রচেষ্টায় সিলেটে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। সীমান্তিকসহ বেসরকারিভাবে অনেকে অক্সিজেন সরবরাহে এগিয়ে আসছেন-এটা আমাদের জন্য আশাব্যঞ্জক।
সভাপতির বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন, সীমান্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। সিলেটের মানবসম্পদ উন্নয়নে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। কোভিড পরিস্থিতিতেও সীমান্তিক সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। সিলেটে কোভিডের ব্যাপকতারোধে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।
সীমান্তিক সূত্র জানিয়েছেন, সংস্থাটি বিনামূল্যে বিতরণের জন্য এরই মধ্যে ৭০টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছে। এর মধ্যে দুটি করে বড় সিলিন্ডার শাহজালাল বিশ্ববিদ্যালয়, জকিগঞ্জ ও কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছে। সিলেটের কোভিড আক্রান্ত অসহায় রোগী কিংবা তাদের স্বজনরা ০১৭০৫০৪৫৮৭৯-এই হট লাইন নম্বরে ফোন করে অক্সিজেন সুবিধা নিতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D