যুক্তরাজ্য ফেরতদের কড়াকড়ি বাড়ল

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

যুক্তরাজ্য ফেরতদের কড়াকড়ি বাড়ল

করোনা ভাইরাসে নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। একই সঙ্গে বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য ইমিগ্রেশনে আলাদা লাইন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আশকোনা কোয়ারেন্টিন সেন্টারের জিন এক্সপার্ট টেস্ট এবং ভ্রাম্যমাণ গবেষণাগার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটি বাংলাদেশ যেন ছড়াতে না পারে তার সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহেদ মালেক বলেন, করোনা ভাইরাসের এই নতুন ধরনটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা নির্দেশনা দিয়েছি যারা ইউকে থেকে আসবে তাদের সাতদিন কোয়ারেন্টিনে রাখতে হবে। সাতদিন কোয়ারেন্টিন শেষে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য ইমিগ্রেশনে আলাদা লাইন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে এসে তারা আলাদা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সারবেন। আমরা চাই না নতুন ধরনের করোনা ভাইরাস বাংলাদেশে আবার ছড়িয়ে পড়ুক।

যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধের বিষয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

আমরা বসে নেই। ফ্লাইট বাতিল করা হবে কিনা তা আলোচনায় আছে। আমরা অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ আলোচনা হচ্ছে, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা, আশকোনা কোয়ারেন্টিন সেন্টারের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফুর রহমান, ডিএমএফআর এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বর্তমানে করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট ছাড়া দেশে এলে বাধ্যতামূলক ৭২ ঘণ্টার কোয়ারেন্টিনে থাকতে হয়।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট