২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন মা রেহেনা খাতুন (৪০)। রেহেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেপ্তার করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে রোদে ধান শুকাচ্ছিলেন। এ সময় ছেলে ইয়াসীন ডাব পাড়ার জন্য তার কাছে একটি ধারালো দা চায়। দা হাতে পেয়েই এলোপাতাড়ি কুপিয়ে মা’কে খুন করে ইয়াসীন।
ওই ইউপি সদস্য আরও জানান, ইয়াসীন বলদীঘাট জে এম সরকার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র। গত কয়েকদিন যাবত সে বাড়ির সকলের সাথে অসংলগ্ন আচরণ করছিল। মানসিক ভারসাম্যহীন থাকায় সে এ কাজ করেছে। স্থানীয়রা তাকে আটক করে শ্রীপুর থানার পুলিশের হাতে সোপর্দ করেছেন।
ঘাতক ইয়াসীন আরাফাত জানিয়েছে, মায়ের আত্মার শান্তির জন্য সে তার মা’কে খুন করেছে। তবে এখন তার মায়ের জন্য খুব কষ্ট লাগছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মা’কে হত্যার অভিযোগে ছেলে ইয়াসীন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D