|
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার । খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমান ২০০৯ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। বৃহত্তর সিলেটের এ কৃতিসন্তান তাঁর জীবদ্দশায় সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করে জাতীয় রাজনীতির ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তাঁর মৃত্যুর ১০ বছর পেরিয়ে গেলেও সিলেটের মানুষ এখনও তাঁর অভাব অনুভব করেন। সিলেট অন্তঃপ্রাণ এ কৃতী ব্যক্তিত্ব ১৯৩২ সালের ৬ই অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন তিনি। রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ভাষা আন্দোলনে অংশ নেয়ায় তাকে জেল খাটতে হয়। স্বাধীনতা উত্তরকালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য উপদেষ্টা হিসেবে রাজনীতিতে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে বাণিজ্য ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। জিয়াউর রহমানের পুরো সময় তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এম সাইফুর রহমান আবারো অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৬ সালে তিনি মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত হলেও নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদীয় আসনে বিজয়ী হলে তিনি বিরোধী দলীয় সাংসদ হন। ২০০১ সালে তিনি সিলেট-১ ও মৌলভীবাজার-৩ আসনে যুগপৎ নির্বাচিত হন। এ সময় তিনি মৌলভীবাজারের আসনটি ছেড়ে দিয়ে জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের প্রতিনিধিত্ব করেন। ২০০১ সালের চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় তিনি আবারো অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে বেলা পৌনে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে বহনকারী গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বৃহত্তর সিলেটসহ পুরো দেশে শোকের ছায়া নেমে আসে।
সিলেট জেলা ও মহানগর বিএনপি’র কর্মসূচি \ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির আজ বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, মহানগর বিএনপি’র উদ্যোগে সকালে মৌলভীবাজারের বাহারমর্দনে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করা হবে।
এ উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে স্থানীয় পত্র-পত্রিকায় আজ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। এছাড়া, মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট নগরীতে পোস্টারিং করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D