সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চকলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন মজুমদারী এলাকার মেসার্স ইউনুছ অটো ট্রেডার্সের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এয়ারপোর্ট থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. শামীম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় টাটা সিঙ্গেল কেবিন যাত্রীবাহী মিনি পিকআপটি (নং সিলেট মেট্রো-ছ-১১-০১৩০) তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা চকলেটের মধ্যে রয়েছে ৫ হাজার ৪০ পিস Nestlé KitKat এবং ১ হাজার ৫৩৬ পিস Snickers। উদ্ধারকৃত চকলেটের সর্বমোট আনুমানিক মূল্য ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার দুর্গাপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আবু বক্কর (৪৮); সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকার শফিউল্লাহর ছেলে আবু বক্কর (২১), বর্তমানে সিলেট নগরের কালিঘাট এলাকায় বসবাসকারী; এবং জকিগঞ্জ উপজেলার মোগাম এলাকার আইনুল হকের ছেলে মো. ফখরুল (২৬), বর্তমানে সিলেট নগরের টিলাগর এলাকায় বসবাসকারী।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট