|
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের একটি মসজিদের পাশে কাঁঠালগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত ফয়জুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আসরের নামাজ আদায় করতে মসজিদে যান ফয়জুল। পরে তিনি মাগরিবের নামাজও আদায় করেন। নামাজ শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় লোকজন মসজিদের পাশে একটি কাঁঠালগাছের ডালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করেন।
নিহতের মা রুবি বেগম জানান, ছেলের বাড়িতে ফিরে না আসায় তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D