ফিলিপাইনে পুরস্কার ঘোষণা, করোনার ভ্যাকসিন তৈরিতে মিলবে ২ লাখ মার্কিন ডলার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

ফিলিপাইনে পুরস্কার ঘোষণা, করোনার ভ্যাকসিন তৈরিতে মিলবে ২ লাখ মার্কিন ডলার

চীনের উহান থেকে দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ঠেকানোর কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। এ দিকে, সম্প্রতি এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে ফিলিপাইনে। তাই করোনা ঠেকাতে ভ্যাকসিন তৈরির জন্য পুরস্কারের ঘোষণা দিলেন ফিলিপাইনে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ফিলিপাইনের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দেশটির যে নাগরিকই করোনার ভ্যাকসিন উদ্ভাবন করবেন, তাকেই দেওয়া হবে এই পরিমাণ অর্থ।

এ দিকে, ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, কোভিড-১৯ শুধুমাত্র ফিলিপাইনের মানুষেরই শত্রু নয়; গোটা বিশ্বের শত্রু। তাই এই রোগ মোকাবিলায় করোনার ভ্যাকসিন তৈরির জন্য ১০ মিলিয়ন (প্রায় দুই লাখ মার্কিন ডলার) পেসোর (ফিলিপাইনের মুদ্রা) পুরস্কার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। যেকোনো ফিলিপিনো নাগরিক ভ্যাকসিন তৈরি করলে এই অর্থ দেওয়া হবে। স্থানীয় দৈনিক ম্যানিলা বুলেটিন এই তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের গত ২৪ ঘণ্টায় ১৪০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনার আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৯ জনে। আর মোট প্রাণহানির সংখ্যাটি দাঁড়িয়েছে ৪৩৭ জনে। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাই দ্রুত ভ্যাকসিন চান রদ্রিগো দুতার্তে। এই কারণেই তিনি পুরস্কারের ঘোষণা করেছেন।