২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৯
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর লিগ পর্বের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ব্রিস্টলে ও এই শহরের আশেপাশে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। টানা বা খুব ভারি বর্ষণ হয়েছে কমই। কিন্তু থেমে থেমে বৃষ্টি ও ঠান্ডা হাওয়া ক্রিকেটের পরিবেশকে প্রতিকূল করে তুলেছে ক্রমশ।
শেষ পর্যন্ত স্থানীয় সময় দুই টায় খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। ব্রিস্টলের এই মাঠে তিনটি বিশ্বকাপ ম্যাচ আয়োজন করা হয়, যার মধ্যে দুটো ম্যাচই বৃষ্টিতে ভেসে গেলো। খবর বিবিসি বাংলার
আজ স্থানীয় সময় সকাল সাড়ে দশটা অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণের কথা ছিলো – সেটিও হয়নি আবহওয়ার বৈরিতার কারণে।
স্থানীয় সময় সোয়া ১২টার দিকে অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা।
এরপরেও দুবার পর্যবেক্ষণ করেন আম্পায়াররা কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বৃষ্টি বেড়েছে ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।
স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে মাঠের দিকে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। পরে সেই সময় পরিবর্তন করে ১১টায় নেয়া হয়।
ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার সর্বশেষ সময় অর্থাৎ কাট-অফ টাইম ঠিক করা হয় ৪ টা ১৫ মিনিটে, স্থানীয় সময়।
ভক্তরা হতাশ
ডেনমার্ক থেকে এসেছিলেন এক দম্পতি – যারা শুধুমাত্র বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টিকেট কেটেছিলেন।
খেলা দেখতে না পেরে হতাশ রিমি বলেন, এটা খুবই দুঃখজনক। আমি ভাবিনি এমনটা হবে, যদিও পূর্বাভাস ছিল। তবু আশা করছিলাম, যাতে এমন কিছু না হয়।
বাংলাদেশের ক্রিকেট সমর্থক গোষ্ঠী দৌড়া বাঘ আইলোর একজন প্রতিনিধি সৈয়দা তাহিয়া তাসনিম বাংলাদেশের সবগুলো খেলার টিকেট কেটেছেন। লন্ডন থেকে তিনি ব্রিস্টলে এসেছেন বাবার সাথে। আসার পর আবহাওয়ার এমন অবস্থা দেখে মন খারাপ হয়েছে তার।
তবে ব্রিস্টলে বসবাসরত বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বেশ আয়োজন করে ম্যাচ দেখতে আসেন কিন্তু তারা হতাশ না হয়ে স্টেডিয়ামের চারপাশ সরব করে রাখেন পুরোটা সময়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D