কোম্পানীগঞ্জে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত, আটক ১

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

কোম্পানীগঞ্জে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে পৈতৃক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় আক্তার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেনের মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। হামলার অভিযোগে আটক জুয়েল আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আক্তার হোসেনের পরিবারের সঙ্গে তাঁর চাচা আব্দুল জলিলের ছেলেদের বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে আক্তার হোসেন ও তাঁর সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আক্তার হোসেনের চাচাতো ভাই জুয়েলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এতে আক্তার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, পৈতৃক পুকুর নিয়ে আক্তার হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ ছিল। ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রোববার রাতে আক্তার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট