|
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
জার্মানির দক্ষিণ বাভারিয়া অঞ্চলের ওবারসালজবার্গের আল্পস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত এডলফ হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রিসোর্ট ‘ঈগলস নেস্ট’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ এড়িয়ে অলৌকিকভাবে টিকে থাকা এবং ১৯৫২ সাল থেকে জনপ্রিয় রেস্তোরাঁ ও ঐতিহাসিক প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া এই স্থাপনাটির আকস্মিক ধ্বংসের ঘটনায় বিশ্বজুড়ে ইতিহাসপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) আকস্মিকভাবে ঐতিহাসিক এই স্থাপনাটিতে আগুন ধরে যায়। দুর্গম পাহাড়ি এলাকা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।
তীব্র বাতাস ও প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে প্রায় ২০০ ফায়ার সার্ভিস কর্মী দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ চেষ্টার পরও কাঠের তৈরি প্রাচীন কাঠামোর কারণে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং রিসোর্টটির সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে স্থানীয় পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অগ্নিকাণ্ড সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করতে ফরেনসিক দল কাজ করছে।
১৯৩৮ সালে নাৎসি নেতা এডলফ হিটলারের গোপন আস্তানা ও সরকারি বৈঠকখানা হিসেবে বার্টেসগার্ডেনের ওবারসালজবার্গ পাহাড়ে এই ‘ঈগলস নেস্ট’ নির্মাণ করা হয়েছিল। যুদ্ধোত্তর সময়ে মিত্রবাহিনীর বোমা হামলা এবং ধ্বংসযজ্ঞ থেকে এটি অলৌকিকভাবে বেঁচে যায়।
পরবর্তীতে ১৯৫২ সাল থেকে ঐতিহাসিক এই স্থানটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এখানে একটি বিশ্বখ্যাত রেস্তোরাঁ ও ঐতিহাসিক প্রদর্শনী কেন্দ্র পরিচালিত হতো। প্রতি বছর বিশ্বের লাখো পর্যটক এই ঐতিহাসিক নিদর্শন দেখতে সেখানে ভিড় করতেন।
ঐতিহাসিক এই স্থাপনা পুড়ে যাওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী বহনকারী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের বড় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D