সিলেট সীমান্তে সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

সিলেট সীমান্তে সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

পৃথক অভিযানে জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা।

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮০০ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ৩ হাজার পিস চশমা ও ২৪০ কেজি চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, শনিবার দিবাগত রাতে জৈন্তাপুর সীমান্ত এলাকায় জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল পৃথক অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২৭০টি ভারতীয় জিরার প্যাকেট ও ৪০০ কেজি টমেটো জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা। মোট জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট